বিশিষ্ট উর্দুকবি এবং সাংবাদিক ফাজিল জামিলি ১৯৬৮ সালের ৫ ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ‘দৈনিক জং’ পত্রিকার অনলাইন সংস্করণের সম্পাদক। এর আগে ‘সামা’ টিভিতেও কাজ করেছেন। এর সাথে পাঞ্জাবের সাবেক গভর্ণর সালমান তাসিরের উর্দু দৈনিক আজকালেও কাজ করেছেন। তিনি করাচি ইউনিয়ন অব জার্নালিস্ট এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি করাচি প্রেসক্লাবের প্রেসিডেন্ট। এই প্রথম তাঁর কবিতার বাংলা অনুবাদ প্রকাশিত হল, তাঁর প্রকাশিতব্য বইয়ের নাম, ‘গোড়ালীবিহীন পর্বত’। কবিতাগুলো অনুবাদ করেছেন আবু জার মো: আককাস।
বাতাস বয়ে যায়
বাতাস বয়ে যায়
বাতাস সমুদ্রের তীরের দিকে ছুটে যায়।
সমুদ্রের উপর যেসব পাখিরা উড়ে যায়
– কোথায় চলে যায়?
যদি আমরা আমাদের উড়তে পারাটা মনে রাখতে পারতাম
তাহলে উড়ে যাওয়া পাখিদের কাছে জিজ্ঞেস করতাম,
– তোমরা কোথায় যাচ্ছো?
আমাদের ছেড়ে তোমরা কোথায় যাচ্ছো
– হে পাখিরা?
তোমাদের উড়াউড়ির মতো
আমাদের সমুদ্রের উপর উড়তে শিখিয়ে দাও।
আমাদেরকেও শিখিয়ে দাও
তোমাদের এই ছোট বড়, আড়াআড়ি উড়াল।
আমাদেরকে শিখিয়ে দাও জীবনের ভাষা
– যে ভাষায় তোমরা কথা বলো।
আমরা আমাদের ভাষায় সব কথা বলে উঠতে পারি না।
আমরা আমাদের পৃথিবীর প্রতি বিশ্বাস হারিয়েছি।
– হে পাখিরা তোমরা স্বাধীন,
আমরা তো নই।
আমাকে উদাস করে চলে গেছ, সুখে থাকো
আমাকে উদাস করে চলে গেছ
– সুখে থাকো।
আমাকে বিষন্ন করে চলে গেছ,
– সুখে থাকো।
আমাকে অতিষ্ঠ করে চলে গেছ
– সুখে থাকো।
আমার জন্য দাঁড়াতে পারোনি তো কি হয়েছে
যেখানেই গিয়ে থেমেছো
– সুখে থাকো।
তোমাকে দেখে আজ খুশি হয়েছি
তুমি আরও সুন্দর হয়ে গেছ
– সুখে থাকো।
কারো বিশ্বাস ঘাতকতায় বিষন্ন হয়েছ
কোথাও না কোথাও তো বিশ্বাস রেখেছ
– সুখে থাকো।
গলিতে তো আরও অনেকে ছিল তোমার প্রেমিক
আমাকে দেখে মৃদু হেসেছিলে
– সুখে থাকো।
তুমি তো আমার বন্ধুত্বে গর্বিত ছিলে
যা আজ তুমি অস্বীকার করছ
– সুখে থাকো।
কারও জীবনে তো তুমি উপাস্য হয়ে গেছ
আমার জন্য তুমি মারা গেছ
– সুখে থাকো।
হৃদয় ঘেষে যে গল্প বেরিয়ে যায় তাকে আমি মনে রাখি
হৃদয় ঘেষে যে গল্প বেরিয়ে যায় তাকে আমি মনে রাখি
প্রতিটা ফুলের মত চেহারার মুখকে মনে রাখি
আমি বাজারের গলির জঙ্গলে প্রায়ই হারিয়ে যাই,
তারপরেও তোমার বাসার গলির চিহ্ন মনে রাখি,
ভাল এবং খারাপের সাথে আমার সম্পর্ক তো এতটুকুই
যে হৃদয়হীনের প্রতিটি মেহেরবানী মনে রাখি
যখন জীবনের দ্রুত ফুরিয়ে যাওয়া মনে পড়ে
তখন সবকিছুই ভুলে যাই,
– শুধু যৌবন মনে রাখি।
আমি জানি কিভাবে পাল্টে যায় তারিখগুলো
এই কারণেই আমি পুরানা সব কথা মনে রাখি।