Jobanমিডিয়া ট্রায়াল, ভাইরালিটি এবং আমাদের তড়িৎ সিদ্ধান্তপ্রবণতা

মিডিয়া ট্রায়াল, ভাইরালিটি এবং আমাদের তড়িৎ সিদ্ধান্তপ্রবণতা

পবিত্র কুরআনের সূরা আল-হুজুরাতের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশে বলেন, “হে মুমিনগণ! যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই-বাছাই কর, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে না হতে হয়।”

একই সূরার ১২ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা আরও বলেন, “তোমরা অধিক ধারণা ও সন্দেহ থেকে বেঁচে থাকো। নিশ্চয় কিছু ধারণা পাপ। তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং পরস্পরের গীবত করো না।”

মুসলিম সমাজে তথ্য যাচাই, ন্যায়বিচার, সামাজিক সম্প্রীতি এবং মানুষের সম্মান রক্ষার ক্ষেত্রে মূলনীতি কী হবে- এই দু’টি আয়াত তা নির্দেশ করে।

 

এই কুরআনিক নীতিগুলো বোঝার জন্য আমাদের সমসাময়িক বাস্তবতা সামনে আনা জরুরি। আজকের সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ অনেক সময় তথ্য থেকে সিদ্ধান্তে পৌঁছায় না; বরং আগে থেকেই একটি সিদ্ধান্ত বা ধারণা বানিয়ে রাখে, তারপর সেই ধারণাকে সমর্থন করে এমন তথ্য খুঁজে বের করে। যুক্তিবিদ্যার ভাষায় ডিডাকশন (deduction) হলো—কিছু সাধারণ নীতি বা পূর্বানুমান থেকে নির্দিষ্ট ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছানো। ইসলাম ডিডাকশনকে পুরোপুরি অস্বীকার করে না; বরং চায় এটি হোক হক্ব, প্রমাণ ও ন্যায়বিচার-নির্ভর। কিন্তু যখন ডিডাকশন পূর্ব-নির্ধারিত পক্ষপাতের উপর দাঁড়িয়ে যায়—যেমন, আগে থেকে ধরে নেওয়া “সরকার যা করে সবই খারাপ” বা “অমুক শ্রেণি সবসময় ভণ্ড” —তখন এই ডিডাকশন সত্য অনুসন্ধানের পরিবর্তে সত্যকে বিকৃত করার হাতিয়ার হয়ে দাঁড়ায়। ফলে মানুষ তথ্যের বিচারক হওয়ার বদলে নিজেদের পক্ষপাতের উকিল হয়ে যায়।

 

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এই প্রবণতা খুব স্পষ্ট। কোনো দুর্ঘটনা, সহিংসতা, নির্বাচন, দুর্নীতির অভিযোগ বা আন্তর্জাতিক ইস্যু সামনে আসামাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বা ততোধিক বিপরীতমুখী ন্যারেটিভ তৈরি হয়ে যায়। এক পক্ষ ঘটনার সমস্ত দায় সরকার বা ক্ষমতাসীনদের ওপর চাপিয়ে দেয়, অন্য পক্ষ আবার বিরোধী দল, বিদেশি শক্তি বা ষড়যন্ত্রকে দায়ী করে। অনেক ক্ষেত্রে তদন্ত, সাক্ষ্য-প্রমাণ কিংবা নিরপেক্ষ বিশ্লেষণের জন্য অপেক্ষা না করেই জনমত গঠিত হয়ে যায়। কয়েক সেকেন্ডের একটি ভিডিও, একটি আংশিক ছবি বা কারও অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে মানুষের চরিত্র, উদ্দেশ্য এবং অপরাধ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়। পরে যখন পূর্ণাঙ্গ তথ্য সামনে আসে, তখন দেখা যায় অনেক প্রচারিত বক্তব্য অতিরঞ্জিত, অসম্পূর্ণ বা সরাসরি ভুল ছিল। অথচ ততক্ষণে ঐ ব্যক্তির, তার পরিবার কিংবা প্রতিষ্ঠানের নানাবিধ ক্ষতি হয়ে গেছে।

 

মিরপুরে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক আলোচনা এরকমই একটি উদাহরণ। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন পোস্ট এবং সংবাদমাধ্যমে এ ঘটনাকে ঘিরে পরস্পরবিরোধী বর্ণনা সামনে এসেছে। কোথাও অভিযোগ করা হয়েছে—পরিবারের সদস্যরা শিক্ষিত ও উচ্চপদস্থ হওয়া সত্ত্বেও মানসিক রোগে আক্রান্ত মাকে অবহেলা করেছেন এবং এখন নিজেদের সম্মান রক্ষার চেষ্টা করছেন। অন্যদিকে কিছু পোস্টে বলা হয়েছে—মৃত মহিলা দীর্ঘদিন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন, চিকিৎসা নিতে চাইতেন না, কাউকে ঘরে ঢুকতে দিতেন না এবং পরিবারের সদস্যরা নিয়মিত তার খোঁজখবর রাখতেন। সংবাদপত্রের প্রতিবেদনে পুলিশ ও কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্য এসেছে, কিন্তু সেখানেও অনেক তথ্য এখনো প্রাথমিক পর্যবেক্ষণ; কোনো চূড়ান্ত তদন্ত রিপোর্ট বা বিচারিক সিদ্ধান্ত নয়। অর্থাৎ—ঘটনার কিছু অংশ প্রমাণনির্ভর, কিছু অংশ অনিশ্চিত এবং কিছু অংশ স্পষ্টভাবে ন্যারেটিভ-নির্ভর ব্যাখ্যা।

 

এ ধরনের ঘটনায় একজন মুসলিমের প্রথম দায়িত্ব হলো—আবেগ, ক্ষোভ কিংবা সামাজিক চাপে প্রভাবিত হয়ে কোনো একক বর্ণনাকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ না করা। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ব্যক্তিগত মন্তব্য কিংবা সংবাদ প্রতিবেদন—সবই মানুষের বর্ণনা; আর মানুষের বর্ণনায় ভুল, অসম্পূর্ণতা কিংবা পক্ষপাত থাকার সম্ভাবনা থাকে। সূরা আল-হুজুরাতের ৬ নম্বর আয়াতের শিক্ষা হলো “তাবাইয়্যুন” বা সত্যতা যাচাই। তাই কোনো ব্যক্তিকে অপরাধী, নিষ্ঠুর, স্বার্থপর কিংবা মিথ্যাবাদী আখ্যা দেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য, তদন্ত এবং প্রমাণের জন্য অপেক্ষা করা ইসলামী নীতির দাবি।

 

এই জায়গায় খবর বা কোনো সংবেদনশীল ঘটনাকে আমরা ঈমানি ও বুদ্ধিবৃত্তিক দায়িত্ব হিসেবে তিন ভাগে ভাগ করে দেখতে পারি।

প্রথমত, প্রমাণ-নির্ভর সত্য অংশ—যেমন, কোথায় ঘটনা ঘটেছে, কতজন আহত বা মৃত, পুলিশ বা হাসপাতালের যাচাইকৃত তথ্য, প্রত্যক্ষদর্শীদের মিলিত বর্ণনা ইত্যাদি, যেগুলো দলিল, নথি ও একাধিক নির্ভরযোগ্য সূত্র দিয়ে মিলিয়ে দেখা যায়।

দ্বিতীয়ত, অজানা অথবা ব্যাখ্যাসাপেক্ষ অংশ—যেমন, কে কতটা আন্তরিক চেষ্টা করেছে, কে ইচ্ছাকৃতভাবে কতটা অবহেলা করেছে, কার মনের ভিতরে কী উদ্দেশ্য ছিল—এগুলো অনেক সময় তদন্ত ছাড়া জানা যায় না; তাই এগুলোকে “অপেক্ষমাণ তথ্য” হিসেবে রেখে দেওয়া এবং এখানে চূড়ান্ত রায় না দেওয়া-ই তাকওয়ার নিকটবর্তী।

তৃতীয়ত, উদ্দেশ্য-নির্ভর ভুয়া বা বিভ্রান্তিকর ন্যারেটিভের অংশ—যেখানে আগে থেকেই স্থির করা ধারণা বা স্বার্থের আলোকে ঘটনা ব্যবহার হয়; যেমন “উচ্চশিক্ষিত মানেই ভণ্ড”, “এই প্রজন্মের সব সন্তানই স্বার্থপর”, অথবা “সব সমালোচকই ষড়যন্ত্রকারী”—এই ধরনের অতিরঞ্জিত সাধারণীকরণ আসলে সত্যের উপর আবেগের শাসন প্রতিষ্ঠা করে।

 

একইভাবে সূরা আল-হুজুরাতের ১২ নম্বর আয়াত আমাদেরকে ভিত্তিহীন সন্দেহ, মানুষের অন্তরের উদ্দেশ্য সম্পর্কে অনুমান এবং গীবত থেকে সতর্ক করেছে। “তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য এমন কথা বলছে”, “অবশ্যই তারা ইচ্ছাকৃতভাবে মাকে পরিত্যাগ করেছে” কিংবা “উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তারা অমানবিক”—এ ধরনের মন্তব্য যদি সুস্পষ্ট প্রমাণ ছাড়া করা হয়, তবে তা কু-ধারণা, গীবত এবং মানুষের সম্মানহানির মধ্যে পড়ে যেতে পারে।

 

ইসলামে মানুষের ইজ্জত ও মর্যাদা সংরক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়; রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।” আবার সতর্ক করেছেন, “তোমরা মুসলমানদের কষ্ট দিও না, তাদের ত্রুটি অনুসন্ধান করো না…।” (সহীহ মুসলিম, সুনানে আবু দাউদ)।

 

তবে ইসলাম কোনো অন্যায়, অবহেলা বা অপরাধকে অন্ধভাবে অস্বীকার করতেও শিক্ষা দেয় না। যদি প্রকৃতপক্ষে কোনো অবহেলা, দায়িত্বহীনতা কিংবা অপরাধ সংঘটিত হয়ে থাকে, তবে তার সুষ্ঠু তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং ন্যায়বিচারের ব্যবস্থা হওয়া উচিত। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্বল ও অসহায় মানুষের অধিকার রক্ষা করাও ইসলামের একটি মৌলিক নীতি।

 

তাই একদিকে যেমন আবেগপ্রসূত “মিডিয়া ট্রায়াল” গ্রহণযোগ্য নয়, তেমনি সত্য উদঘাটনের প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না। প্রকৃত ন্যায়বিচার কখনো জনপ্রিয়তা, আবেগ কিংবা জনরোষের উপর প্রতিষ্ঠিত হয় না; বরং তা প্রতিষ্ঠিত হয় সত্য, প্রমাণ এবং সঠিক প্রক্রিয়ার উপর।

“কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়বিচার থেকে বিরত না রাখে। ন্যায়বিচার কর; এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।” (সূরা আল-মায়িদাহ ৫:৮)

 

ইতিহাস সাক্ষ্য দেয় যে, বিচারবহির্ভূত জনমত, জনরোষ এবং আবেগনির্ভর সিদ্ধান্ত অনেক সময় নিরপরাধ মানুষের জীবন, সম্মান ও পরিবার ধ্বংস করেছে। সুতরাং যদি একটি সমাজ গুজব-প্রিয়, আবেগনির্ভর এবং অসত্যায়িত তথ্যের ভিত্তিতে মানুষকে বিচার করতে অভ্যস্ত হয়ে পড়ে, তবে সেই সমাজের রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক আচরণ এবং রাষ্ট্রযন্ত্রেও একই প্রবণতার প্রতিফলন দেখা যাওয়াই স্বাভাবিক।

আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।” (সূরা আর-রা’দ ১৩:১১)

অর্থাৎ, জনতা যদি সত্য, ন্যায়বিচার ও দায়িত্ববোধের সংস্কৃতি না গড়ে তোলে, তাহলে শাসন-প্রণালী ও রাষ্ট্রীয় আচরণেও স্থায়ী পরিবর্তন আসবে না।

 

এই মর্মান্তিক ঘটনাটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—অন্যকে দ্রুত দোষী সাব্যস্ত করার চেয়ে নিজেদের দিকে ফিরে তাকানো অধিক জরুরি। আমরা অন্যের পরিবার নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের নিজেদের জীবিত মা-বাবা কি আমাদের সময়, মনোযোগ, ভালোবাসা ও সঙ্গ পাচ্ছেন? আমরা কি তাদের একাকীত্ব, বার্ধক্য, শারীরিক দুর্বলতা এবং মানসিক কষ্টকে যথাযথ গুরুত্ব দিচ্ছি? সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করা সহজ, কিন্তু নিজের দায়িত্ব পালন করা অনেক বেশি কঠিন।

 

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, এবং পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি।” (তিরমিযী)।

আরও বলেছেন, “মানুষ মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়; তবে নেক সন্তান, যে তার জন্য দোয়া করে, তার উপকার পৌঁছাতে থাকে।” (সহীহ মুসলিম)।

 

সুতরাং, দেখা গেলো- একজন মুমিনের জন্য খবর বিশ্লেষণের তিনটি স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি হিসেবে দাঁড়ায়। প্রথমত, প্রমাণ-নির্ভর সত্য অংশকে আলাদা করে চিহ্নিত করা—যা নথি, প্রত্যক্ষদর্শী ও একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা যায়; এর ভিত্তিতে ন্যূনতম সহমর্মিতা ও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখানো। দ্বিতীয়ত, অজানা অথবা সন্দেহজনক অংশকে “আমি জানি না” অথবা “তদন্ত সাপেক্ষ” এই অবস্থায় রেখে দেওয়া— এখানে তাড়াহুড়ো করে কারও অন্তর, উদ্দেশ্য বা সম্পূর্ণ চরিত্র সম্পর্কে চূড়ান্ত রায় না দেওয়া, বরং ধৈর্য ধারণ করা। তৃতীয়ত, উদ্দেশ্য-নির্ভর ভুয়া ন্যারেটিভ থেকে দূরে থাকা— যে ন্যারেটিভ আগে থেকে নির্ধারিত পক্ষপাত, দলীয় অন্ধত্ব বা ব্যক্তিগত ক্ষোভকে প্রমাণ করার জন্য তথ্যকে ব্যবহার করে, সত্যকে অনুসন্ধানের জন্য নয়।

 

এই তিন স্তরের আলোকে আমাদের জন্য একটি বাস্তব নীতি দাঁড়ায়— যেসব বিষয়ে আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ, দক্ষতা বা পূর্ণ তথ্য নেই, সেখানে তিনটি ‘না’-

(১) সরলীকরণ করা যাবে নাঃ যেমন, একটি ঘটনার ভিত্তিতে পুরো প্রজন্ম বা পুরো শ্রেণিকে দোষী ঘোষণা করা।

(২) শেয়ার করা যাবে নাঃ ভাইরাল হলেও যাচাই না করে ফরওয়ার্ড না করা।

(৩) তথ্য হাতে না থাকলে ‘এটাই সত্য’ এমন মনোভাব রাখা যাবেনাঃ বরং “আল্লাহই ভালো জানেন” বলে সন্দেহকে চেপে রাখা, নিশ্চিত সত্যের আসনে বসিয়ে না দেওয়া। আজকের “ফাস্ট ফুড মতামত”-নির্ভর মিডিয়া-সংস্কৃতির বিপরীতে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো তাবাইয়্যুন ও তাহাক্কুক— যাচাই-বাছাই, ধৈর্য এবং ন্যায়বিচারের প্রতি স্থিতিশীলতা।

 

সবশেষে, ঈমানের দৃষ্টিকোণ থেকে আমাদের মনে রাখা দরকার—আমরা “লা ইলাহা ইল্লাল্লাহ” বলে সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এর অর্থ শুধু পাথর-কাঠের মূর্তি অস্বীকার করা নয়; বরং অন্ধ দলীয়তা, জনমতের ঢেউ, ভাইরাল পোস্ট এবং জনপ্রিয় ন্যারেটিভকেও “ইলাহ” বানিয়ে না ফেলা। যখন আমরা প্রমাণের চেয়ে “আমার দল”, “আমার গ্রুপ”, “আমার ফিডে যা এসেছে”– এগুলোকে বড় করে দেখি, তখন আসলে আমরা আল্লাহর হুকুমের চেয়ে ফেক ন্যারেটিভকে বড় বানিয়ে ফেলি। তাই কোনো খবর বা ঘটনা সামনে এলে আমাদের ঈমানি দায়িত্ব হলো—প্রমাণ-নির্ভর সত্যকে মানা, সন্দেহজনক অথবা অসত্যায়িত জায়গায় চুপ করে থাকা, উদ্দেশ্য-নির্ভর ন্যারেটিভ থেকে বাঁচা, এবং প্রমাণ না থাকলে খবরকে সাধারণ সত্যে পরিণত না করা, শেয়ার না করা, অন্তরে চূড়ান্তভাবে বিশ্বাস না করা। কারণ আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, ভুয়া ইলাহ, ভুয়া ন্যারেটিভ এবং অনুমানের দাসত্ব করার জন্য নয়।

 

এত বিশ্লেষণ, পোস্ট, মন্তব্য ও ন্যারেটিভের ভিড়ের মাঝে শেষ প্রশ্নটি আমাদের নিজেদের জন্যই রেখে দেওয়া উচিত: ভুক্তভোগীদের নিয়ে কথা বলার, তর্ক করার এবং শেয়ার করার মধ্যে—আমাদের মধ্যে কয়জন তাদের জন্য অন্তত একবারও আন্তরিকভাবে হাত তুলে দোয়া করেছি?